রাজধানীর শাহবাগ থানায় করা ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
এর আগে, গত ১৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক আমিরুল আলম মিলনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মনির হত্যার ঘটনায় আমিরুল আলম মিলনের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য ও প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। ওই দিন দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় চলতি বছরের ১৪ মার্চ মনিরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
এর আগে, ২০২৫ সালের মে মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার করে। তখন তাকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল আদালত।