সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের চেম্বার আদালত এ আদেশ দেন।
এর ফলে যেকোনো সময় তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। তিনি জানান, জামিন বহাল থাকায় যেকোনো সময় খায়রুল হক কারামুক্ত হতে পারবেন। তবে আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না।
খায়রুল হকের পক্ষে শুনানিতে আইনজীবী মোহাম্মদ মোতাহার হোসেন সাজুকে সহযোগিতা করেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
গত ১০ আগস্ট বনানী থানার মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পৃথক ৮টি মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে গত ৮ জুলাই তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন খায়রুল হক। শুনানি শেষে ১০ আগস্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।