রাজধানীর ধানমন্ডিতে গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতিকে গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় গৃহকর্মী সুরভী আক্তার নাহিদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তাওহীদা আক্তার মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাচ্চু মিয়াকে খালাস দিয়েছেন আদালত। তিনিও আফরোজা বেগমের বাসার গৃহকর্মী ছিলেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১ নভেম্বর রাতে শিল্পপতি কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) ও তার গৃহকর্মী দিতির (১৮) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তারা ধানমন্ডির লোবেলিয়া হাউজ নামের একটি ভবনের পঞ্চম তলায় থাকতেন। ওই বাসায় দুজনকেই গলা কেটে হত্যা করে আসামিরা।
আফরোজা যে ফ্ল্যাটে থাকতেন, তার উল্টো দিকের ফ্ল্যাট এবং ঠিক ওপরে ছয়তলার ফ্ল্যাট নিয়ে ডুপ্লেক্সে বাসায় স্বামী-সন্তান নিয়ে থাকেন তার মেয়ে দিলরুবা সুলতানা রুবা।
এ ঘটনায় ৩ নভেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দিলরুবা সুলতানা রুবা।
মামলাটি ২০২২ সালের ১ ফেব্রুয়ারি পিবিআইয়ের তদন্ত শেষে দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। একই বছরের ১১ অক্টোবর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলার বিচার চলাকালে ২৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।