গরম পড়তেই বাজারে উঠতে শুরু করেছে নানা জাতের আম। অনেকেই একসঙ্গে বেশি করে আম কিনে এনে পাকা ও আধাপাকা অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করেন। তবে আম পুরোপুরি পাকানোর আগেই ফ্রিজে রেখে দিলে ফলটির স্বাদ, গন্ধ ও স্বাভাবিক গঠন নষ্ট হতে পারে।
বিশেষ করে কাঁচা বা আধাপাকা আম খুব দ্রুত ঠান্ডা পরিবেশে রাখলে পাক ধরার স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। কারণ আম মূলত উষ্ণ আবহাওয়ার ফল এবং ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেই সবচেয়ে ভালোভাবে পাকে। ফলে অনেক সময় বাইরে থেকে আম হলুদ দেখালেও ভেতরে শক্ত থেকে যায়। কাটার পর দেখা যায়, ফলটিতে ঠিকমতো মিষ্টি স্বাদ তৈরি হয়নি, এমনকি হালকা কাঁচা ও টকভাবও রয়ে গেছে।
খাদ্য ও পুষ্টিবিষয়ক তথ্য অনুযায়ী, আম পাকতে থাকলেই এর প্রকৃত মিষ্টতা ও ঘ্রাণ তৈরি হয়। কিন্তু খুব দ্রুত ফ্রিজে রাখলে সেই প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে কিংবা থেমেও যেতে পারে। এতে ফলের স্বাভাবিক স্বাদ ও সুবাস নষ্ট হওয়ার পাশাপাশি এর গঠনেও পরিবর্তন আসতে পারে। নরম ও রসালো হওয়ার বদলে আম দানাদার বা শক্ত অনুভূত হতে পারে।
তাহলে কখন ফ্রিজে রাখা উচিত? অভিজ্ঞদের পরামর্শ, আম কিছুটা নরম হয়ে এলে এবং ডাঁটির কাছ থেকে মিষ্টি গন্ধ বের হলে তখন ফ্রিজে রাখা যেতে পারে। কারণ ওই পর্যায়ে বাইরে বেশি সময় রেখে দিলে অতিরিক্ত পেকে নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
সাধারণত পুরোপুরি পাকা আম ফ্রিজে কয়েক দিন ভালো থাকে। আমে হালকা চাপ দিলে নরম লাগা, ডাঁটির কাছে মিষ্টি গন্ধ পাওয়া বা রঙে পরিবর্তন আসা—এসব লক্ষণ দেখলে বুঝতে হবে আম পাকতে শুরু করেছে এবং তখনই তা ফ্রিজে সংরক্ষণ করা যেতে পারে।