স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্ত করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত মশক নিধন কার্যক্রম ও ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মশার উপদ্রব ভয়াবহভাবে বেড়েছে—এটি সত্য। এই সমস্যা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে সরকার ইতোমধ্যেই কাজ শুরু করেছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার মাত্র সাত দিন আগে দায়িত্ব গ্রহণ করেছে এবং শপথ নেওয়ার পরপরই মশা নিধনে কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই মশা নিধনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তার মন্ত্রণালয়। এ লক্ষ্যে আমদানি করা ওষুধের একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে, যেগুলোর কার্যকারিতা দ্রুত পরীক্ষা করা হবে। পরীক্ষায় কার্যকারিতা সন্তোষজনক না হলে বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ব্যবহৃত ওষুধ কার্যকর হবে এবং মশক নিধন কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সহযোগিতাও জরুরি উল্লেখ করে তিনি বলেন, আবাসিক এলাকায় যেখানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা এবং বিশেষ নজর দেওয়ার মাধ্যমে নগরবাসীকে সচেতন ভূমিকা রাখতে হবে।