দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় হাসপাতালের জন্য জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘আমাদের ট্যাক্স বাড়াতে হবে। এর মাধ্যমে ইনভেস্টমেন্ট (বিনিয়োগ) বাড়াতে হবে।’
আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘দেশে কর্মসংস্থান বাড়ানো সরকারের অগ্রাধিকার। বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান হবে না। এজন্য দেশি-বিদেশি বিনিয়োগে জোর দিচ্ছে সরকার। আবারও বলছি, কর্মসংস্থান এটা আমাদের প্রায়োরিটি।’
স্বাস্থ্য খাতেও বিনিয়োগ বাড়ানো হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, পতেঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ সময়োপযোগী। এখানে একটি বড় হাসপাতাল করা হবে। এর সঙ্গে নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য আরেকটা ইনস্টিটিউট হবে।