প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে বিরোধ মেটাতে ‘আলোচনা’ চায় আফগানিস্তানের তালেবান সরকার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ কথা জানান বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়।
তিনি বলেন, ‘আমরা বারবার একটি শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছি এবং এখনো চাই আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হোক।’
এদিকে এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে সামরিক নেতৃত্ব তাকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষের বিষয়ে বিস্তারিত ব্রিফিং করেন।
একপর্যায়ে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শাহবাজ জোর দিয়ে বলেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও আফগান তালেবান শাসনের মধ্যে গড়ে ওঠা আঁতাত এবং পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত বিদ্বেষমূলক কর্মকাণ্ডে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
তালেবান সরকার ও টিটিপির আন্তঃসীমান্ত হামলাকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেন তিনি। একই সঙ্গে নিজের ভূখণ্ড রক্ষায় পাকিস্তানের অধিকারের কথা পুনর্ব্যক্ত করেন।