প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশযাত্রা ও বিদেশ সফর শেষে স্বদেশ প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থাকার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন আদেশ অনুযায়ী, বিমানবন্দরে এখন থেকে প্রটোকল বজায় রাখতে মাত্র চারজন পদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় শিষ্টাচার শীর্ষক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, তারেক রহমানের সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা ও স্বদেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে উপস্থিত থাকবেন মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
এর আগে ড. ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ২৮ আগস্ট জারি করা একই ধরনের আদেশে মন্ত্রিপরিষদ বিভাগ তার সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশ যাত্রা ও স্বদেশ প্রত্যাবর্তনের সময় ১৪ জনকে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা বলেছিল।
পূর্বের তালিকায় ছিলেন উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠতম উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার, ডিপ্লোমেটিক কোরের প্রধান, স্বাগতিক দেশের মিশন প্রধান, মন্ত্রিপরিষদ সচিব, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, মুখ্য সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান।