তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, খামখেয়ালি নয়, স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন ত্রয়োদশ সংসদের সদস্যরা। শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালায় তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশে প্রকৃত অর্থে কার্যকরী সংসদ উপহার দিতেই এই কর্মশালা। সংসদে যোগ দেওয়া নবীন সদস্যরা যেন মানসিক চাপ না নেন, সেই লক্ষ্যেই এটির আয়োজন।
তিনি বলেন, আমি যখন প্রথম সংসদে যাই আমিও নবীন ছিলাম। অনেক কিছু স্পষ্ট ধারণা ছিল না। নবীনদের নিয়ম-নীতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। যাতে তারা কার্যকরী ভূমিকা রাখতে পারেন।
তিনি আরও বলেন, সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে রাষ্ট্রপতি প্রথম ভাষণ দেবেন। ইতোমধ্যেই সেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ক্ষমতায় যাওয়ার আগে তারেক রহমান যেই ৩১ দফার কথা বলেছেন, আমরা ইতোমধ্যেই সেসব নিয়ে কাজ করছি।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে। এই লক্ষ্যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সংসদ সদস্য শপথ নেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাবেন।