বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পরিত্যক্ত অবস্থায় বস্তুগুলো শনাক্ত করা হয়।
জানা যায়, দুপুরে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে। তবে গ্রেনেডগুলো কে বা কারা সেখানে রেখেছে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য মেলেনি।
পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টার দিকে সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো নিষ্ক্রিয় করে তারা। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর বিশেষজ্ঞ দলটি গ্রেনেডগুলো তাদের হেফাজতে নেয়।
এ ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিচার বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার প্রবেশপথে কে বা কোন চক্র এ ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।