বগুড়া-৬ ও শেরপুর-৩
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন শনিবার (১৪ মার্চ)। এদিন অফিস চলাকালীন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে বলে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন। এরপর রোববার প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. মাহমুদুল হক রুবেল। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. মাসুদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন করে প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রিটার্নিং কর্মকর্তা বাছাই কার্যক্রম সম্পন্ন করার পর এই আসন থেকে কেউ আপিলও করেননি। ফলে সবাই এখন পর্যন্ত বৈধ প্রার্থী হিসেবে আছেন।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল ঘোষণা করে ইসি। পরবর্তীতে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করে ইসি।
অন্যদিকে শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. রেজাউল করিম বাদশা। জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থীও এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এই আসনেও রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাছাই কার্যক্রম সম্পন্ন করার পর কেউ আপিল করেননি। ফলে সবাই এখন পর্যন্ত বৈধ প্রার্থী হিসেবে আছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটি আসনে সদস্য থাকার বিধান না থাকায় ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। এরপর এই আসনটিকে শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল ঘোষণা করে ইসি।