জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নিয়ে কফিনে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতারাসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে গভীর শোক প্রকাশ করেন।
জানাজায় অংশ নেওয়ার পাশাপাশি দিলারা হাফিজের কফিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফরখরুল ইসলাম আলমগীরসহ আরও অনেক রাজনৈতিক এবং সরকারি ব্যক্তিত্ব।
বিএনপি মিডিয়া সেল জানায়, গত শনিবার বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলারা হাফিজ। রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।
মৃত্যুকালে দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্ম নেওয়া দিলারা হাফিজ সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।
দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ ও সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং কর্মকর্তা-কর্মচারীরা।
দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে।