মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই বিষয়টি নিশ্চিত করে জানান, বিরোধীদলীয় নেতা সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এ সময় দুই নেতা প্রায় ২০ মিনিট সৌজন্য আলাপ করেন।
এর আগে, বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা পাশাপাশি দাঁড়িয়ে অংশ নেন। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। পরে প্রধানমন্ত্রী তাকে সংসদে নিজ কার্যালয়ে আমন্ত্রণ জানান।
এ বিষয়ে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, সাক্ষাৎটি সংক্ষিপ্ত হলেও আন্তরিক ছিল। আলাপ শেষে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন এবং এ সময় প্রধানমন্ত্রী তাকে কিছুদূর এগিয়ে দেন।
প্রধানমন্ত্রী সবসময় রাজনৈতিক সহকর্মীসহ সবার প্রতি যথাযথ সম্মান ও সৌজন্যতা প্রদর্শন করেন। প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দিয়ে তাঁর স্বাভাবিক সৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটালেন।