প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৭ এপ্রিল) যশোরে পৌঁছেছেন। এদিন সকাল সোয়া ১০টার দিকে তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। এর আগে সকাল সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে উড়োজাহাজে যশোরের উদ্দেশে যাত্রা করেন।
সরকারপ্রধানের দিনের কর্মসূচি শুরু হবে বেলা সোয়া ১১টায় শার্শায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে। এরপর বেলা সাড়ে ১১টায় খাল সংলগ্ন স্থানে উলশী উপজেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। এরপর যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।
বিকাল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছে। জনসভা ঘিরে যশোর শহরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করেছে জেলা বিএনপি। জনসভা ঘিরে হাজার হাজার বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের জন্য ইতোমধ্যে ১০টি পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এমপি, মন্ত্রী ও ভিআইপিদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের যশোরে প্রথম সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তিনি।