দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য ১ (এক) নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সহকারি আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ (এক) নম্বর (পুনঃ) ১ (এক) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবারও (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এই চার সমুদ্রবন্দরে ৩ নম্বর (পুনঃ) ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছিল।