পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত মোট ১০০টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ বাংলাদেশি হজযাত্রী। এদের মধ্যে মারা গেছেন সাতজন। শুক্রবার (০১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, মারা যাওয়া হজযাত্রীর সাতজনই পুরুষ। এদের মধ্যে পাঁচজন মক্কা ও দুজন মদিনায় মারা গেছেন। যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন মো. শামসুল আলম (৬৩)। তার বাড়ি রংপুরের কোতোয়ালিতে। মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শামসুল আলম সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। এটি সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যু।
এর আগে ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা যান। একই দিন মক্কায় মারা যান শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)।
এ ছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪) ও ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) ও ২১ এপ্রিল মারা যান জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫)।
আরও জানা যায়, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালিত ৪৫টি, সৌদি এয়ারলাইনসের ৩৭টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে এসব এসব হজযাত্রী সৌদি পৌঁছান।
এর আগে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।