দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
নাহিদ রানার আগুনঝরা বোলিং আর তাসকিন-তাইজুলের দাপটে পাকিস্তানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ; এবার জয় দেশের মাটিতে।

দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের। মিরপুর টেস্টে ২৬৮ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে। উল্লেখ্য, নাহিদ রানার ম্যাজিকে পাকিস্তানের বিপক্ষে জয় পেল টাইগাররা। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ।