দেশের পেশাদার সাংবাদিকদের অন্যতম সংগঠন জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্য হিসেবে ৪৪১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নতুন সদস্যদের তালিকা প্রকাশ করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সদস্যদের নাম প্রকাশ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে নতুন সদস্য নির্বাচন করা হয়েছে। এর মাধ্যমে জাতীয় প্রেস ক্লাব আরও গতিশীল ও প্রতিনিধিত্বশীল হবে। সদস্যপদ প্রদানের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা, কর্ম-অভিজ্ঞতা এবং সাংবাদিকতায় সক্রিয় সম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও আবেদন প্রক্রিয়া শেষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে নতুন সদস্য নির্বাচন করা হয়েছে। তরুণ ও কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণ বাড়ায় জাতীয় প্রেস ক্লাবের কার্যক্রমে নতুন গতি আসবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন সদস্যদের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
জাতীয় প্রেস ক্লাবে বর্তমানে তিন ধরনের সদস্য রয়েছে। প্রথম হচ্ছে আজীবন সদস্য, দ্বিতীয় হচ্ছে পেশাদার সাংবাদিকদের জন্য স্থায়ী সদস্য এবং তৃতীয় হচ্ছে সহযোগী সদস্য। সহযোগী সদস্যরা ভোট দিতে পারেন না। এ ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১ হাজার ২০০ জন। ক্লাব পরিচালনা কমিটির সদস্য সংখ্যা ১৭ জন।
উল্লেখ্য, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৫ মার্চ তৎকালীন সভাপতি আবদুল আউয়াল খানের সভাপতিত্বে আনুষ্ঠানিক ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় ক্লাবের নাম পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব-এর পরিবর্তে জাতীয় প্রেস ক্লাব রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার এ জায়গাটি জাতীয় প্রেস ক্লাবের নিজস্ব জায়গা হিসেবে বরাদ্দ দেয় এবং নতুন ভবন নির্মাণ করে দেয়। ১৯৫৫ সালে ক্লাবের লোগো নির্বাচন করা হয়।