ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জমির মালিকানা যাতে কৃষকদের হাতেই থাকে এবং ভূমি ব্যবস্থায় যাতে দখলদারিত্ব না থাকে, এ ক্ষেত্রে ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৮ মে) সচিবালয়ে ভূমি সেবা মেলা উপলক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, অতীতে জমি-সংক্রান্ত মামলার জটিলতা ছিল, জমির মালিকরা ভূমি সংক্রান্ত কাজে নানাভাবে বিভ্রান্ত হতেন, হয়রানির শিকার হতেন, এসব জটিলতা দূর করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় কৃষি জমি অন্য কাজে ব্যবহার করতে দেবো না, কৃষি জমি কৃষকের হাতেই থাকবে। সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করতে চাই।
এ সময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি হয়রানিমুক্তভাবে জনগণকে সেবা দিতে চাই। এ ব্যাপারে জনগণকে সচেতন করার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে।
এখন থেকে সারা দেশে ৮৯৩টি সার্ভিস সেন্টারের মাধ্যমে ভূমিসেবা নেওয়া যাবে বলেও জানান ভূমি প্রতিমন্ত্রী।