বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২৫ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায়, সীমান্তবর্তী অঞ্চলে আনসার ও ভিডিপি সদস্যদের কার্যক্রমকে আরও জোরদার করা হয়েছে।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি জেলায় আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন। উপপরিচালক মো. আশিকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা অধিকতর কার্যকর ও সমন্বিত করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আনসার সদস্যরা স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয়পূর্ণভাবে কাজ করছেন। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান ও অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
এর প্রেক্ষিতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, যা দেশের জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।