দ্রুত বিচার কার্যক্রমে তৃতীয় ট্রাইব্যুনাল গঠন হতে পারে: ড. আসিফ নজরুল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে জানিয়েছেন, দ্রুত বিচার কার্যক্রম শেষ করার জন্য তৃতীয় ট্রাইব্যুনাল গঠন হতে পারে। তিনি বলেন, জুলাই-অগাস্টের হত্যাযজ্ঞের বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিচারের গতি সন্তোষজনক।
এসময় গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
উল্লেখ্য, জুলাই-অগাস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার জোরেশোরে চলছে। ইতিমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন এবং সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাগুলির সাক্ষ্যগ্রহণও প্রায় শেষপর্যায়ে পৌঁছেছে। বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২-এ এই কার্যক্রম চলমান থাকলেও মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল-২’র বিচারকাজ টিনশেডে পরিচালিত হচ্ছে।