এক দিনের সফরে কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। এর আগে সকাল পৌনে ৯টায় সকারপ্রধান গুলশানের বাসা থেকে বিমানবন্দরে পৌঁছান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে রয়েছে খাল পুনঃখনন, বৃক্ষরোপণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণ। কর্মসূচি শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেবেন।
এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন ও মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার। পরে পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
সফরের অংশ হিসেবে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেওয়ারও কথা রয়েছে তার।
এ ছাড়া মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শনের পর সন্ধ্যায় লং বিচ হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেবেন সরকারপ্রধান। সব কর্মসূচি শেষে আকাশপথে ঢাকায় ফিরবেন তিনি।
দীর্ঘ দেড় দশকের বেশি সময় লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম কক্সবাজার সফর।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি তদারকিতে শুক্রবার বিভিন্ন কর্মসূচিস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনাও দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা যেন সারাদেশে আমাদের নির্বাচনি ইশতেহার অনুসারে আমাদের সব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারি। প্রধানমন্ত্রী সে ব্যাপারে সবার উদ্দেশে কথা বলবেন। সবার সহযোগিতা চাইবেন।’