গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীরকে অতি দ্রুত ফেরত আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ জুন) বিকেলে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গেল ১২ জুন সরকারকে কনফার্ম করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনীতিক চ্যানেল মেনে ফেরত চাইতে হবে তাকে।’
এ সময় এটিকে এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে এনসিবি কাজ করছে। ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করে।’
এর আগে, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
দুদক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের হিসাব গোপন ও অর্থ পাচারের অভিযোগে মামলাটি করা হয়। তদন্তে দেখা যায়, ঘোষিত আয়ের উৎসের চেয়ে প্রায় ১১০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের মালিক তিনি।
২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ সময় তাকে বিদেশে অবস্থানরত উল্লেখ করে ইন্টারপোলের মাধ্যমে পরোয়ানা কার্যকরের নির্দেশ দেওয়া হয়। এই প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ বেনজীরকে গ্রেপ্তার করে।
জানা যায়, বেশ কিছুদিন ধরে বেনজীর আহমেদ বিদেশে অবস্থান করছিলেন। গত বছরের ৪ মে তিনি তার স্ত্রী ও মেয়েদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। এরপর থেকে তিনি বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছিল। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায়ও সম্পদ খোঁজার প্রক্রিয়া চলছিল।