সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিশেনে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এদিন বিকেল ৩টায় শুরু হওয়া সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অধিশেনের সপ্তম দিন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী লিখিত প্রশ্নে জানতে চান, বর্তমানে দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা কত এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বৈধ করা হবে কিনা?
জবাবে মন্ত্রী জানান, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।
মন্ত্রী আরও যোগ করেন, ‘সড়ক, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিআরটিএ থেকে নিবন্ধন গ্রহণ করেনি এরূপ কোনো মোটরসাইকেল মালিক প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন দাখিল করলে বিআরটিএ সেগুলোকে বৈধতা প্রদান তথা রেজিস্ট্রেশন নম্বর প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।’