ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ পেয়েছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ‘হাজারী গুড়’। জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত এই গুড় দীর্ঘদিন ধরে তার অনন্য স্বাদ, সুগন্ধ ও বিশেষ উৎপাদন পদ্ধতির জন্য দেশজুড়ে সমাদৃত। প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী এ পণ্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সুনাম অর্জন করেছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) সোমবার (১৫ জুন) ‘মানিকগঞ্জের হাজারী গুড়ের’ জিআই নিবন্ধন সনদ ইস্যু করে। অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এর মাধ্যমে এ স্বীকৃতি দেওয়া হয়।
নিবন্ধন সনদে উল্লেখ করা হয়, মানিকগঞ্জের ‘হাজারী গুড়’ জেলা প্রশাসক, মানিকগঞ্জের নামে ৩০ শ্রেণিতে জিআই-৬২ নম্বরে ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে নিবন্ধিত হয়েছে। এর মাধ্যমে ‘হাজারী গুড়’ দেশের ৬৪তম নিবন্ধিত ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
হাজারী গুড়ের স্বাদ, গুণগতমান ও ঐতিহ্যবাহী উৎপাদন পদ্ধতির আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে এই জিআই সনদ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর ফলে দেশীয় বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে রফতানির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও আশা করছেন তারা।
সংশ্লিষ্টদের আশা, জিআই সনদ পাওয়ার ফলে হাজারী গুড়ের ব্র্যান্ড মূল্য বহুগুণে বৃদ্ধি পাবে। এতে স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, কারিগরদের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।