বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে রোববার (২১ জুন) ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম এই বিদেশ সফরে সঙ্গী হয়েছেন ২৫ সদস্যের প্রতিনিধি দল।
প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে তারেক রহমানের সাথে যাচ্ছেন তার স্ত্রী জুবাইদা রহমান। সফরকারী দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুর রহমান চৌধুরী।
সফরকারী দলে আরও রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী তানভীর গণি ও বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এ ছাড়া সফরকারী দলে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রেস টিমের সদস্যরাও রয়েছেন ।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান মালয়েশিয়া সফর করছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, প্রধানমন্ত্রী চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা ও একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।
পররাষ্ট্র সচিব আরও জানান, এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্ব শক্তিশালীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি বড় কূটনীতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
আগামী ২৫ জুন তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। সরকারি সফরের অংশ হিসেবে ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। সফর শেষে আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।