মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে দেশটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৯টা ও বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, রোববার বিকেল পৌনে ৩টায় স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এ সময় তাকে বিদায় জানান বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিসভার সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। এ ছাড়া ব্যক্তিগত কর্মকর্তারাও রয়েছেন প্রতিনিধিদলে। সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন তিনি।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা ও একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রসচিব জানান, মালয়েশিয়া সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হবে। আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।