বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পিলখানায় বিজিবির ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করেছেন। এ উপলক্ষে সারাদেশে বিজিবির বিভিন্ন স্থাপনায় মোট ৭৩ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, “বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি একটি মহৎ দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।” তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে বিজিবির প্রতিটি স্থাপনায় পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বিজিবির প্রতিটি সদস্যকে বছরে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, বরং গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমেই এ উদ্যোগের প্রকৃত সাফল্য নিশ্চিত করা সম্ভব।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, এ বছর বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে মোট ৭৩ হাজার বৃক্ষ রোপণ করা হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।