প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা স্বাভাবিক প্রক্রিয়া। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনার পর মন্ত্রিসভায় রদবদল হতে পারে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এই বিষয়ে আমার কাছে নিশ্চিত কোনও তথ্য নেই। আমিও গণমাধ্যমে এই আলোচনা দেখছি। এর বেশি কিছু জানি না। তবে কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী। এটা স্বাভাবিক প্রক্রিয়া।’
তথ্য উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার যদি মনে হয়, কেউ ভালোভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। জনগণের কল্যাণ নিশ্চিত করতে কোনও সিদ্ধান্ত আরও ভালো করার সুযোগ থাকলে তিনি নিশ্চয়ই তা করবেন। তবে প্রতি ১৮০ দিন পর এমন পরিবর্তন হবে—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা করলে সমস্যা নেই। কিন্তু আইন লঙ্ঘন করে কোনো কিছু করা যাবে না।
কিছু অলিগার্কদের স্বার্থরক্ষায় দেশীয় গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয়া হয়নি জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের মজুত গ্যাস দিয়ে আরও ২৫ বছর জ্বালানি চাহিদা মেটানো যাবে। এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় চেয়েছে সরকার। এতে ব্যবসায়ীদের ওপর চাপ কমবে।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, আগামী আগস্ট মাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।
ডা. জাহেদ উর রহমান জানান, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এখনো ক্ষতিপূরণ দিতে না পারাটা সরকারের ব্যর্থতা। স্বীকার করে নিচ্ছি। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।
তিনি আরও জানান, যান চলাচলের সুবিধার্থে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সরিয়ে নেওয়া হচ্ছে। নতুন জায়গায় নতুন করে এই ভাস্কর্য তৈরি করা হবে।