সরকার ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তাদের অনেকেই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়।
বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন, মাজেদুর রহমান খান, আবুল ফজল মীর, আসলাম হোসেন, মঈনউল ইসলাম, মোহাম্মদ দাউদুল ইসলাম, মো. শাহরিয়ার, কাজী আবু তাহের, এ জেড এম নুরুল হক, মো. মিজানুর রহমান, মোহাম্মদ ইলিয়াস হোসেন, অঞ্জন চন্দ্র পাল, এ কে এম মামুনুর রশিদ, কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল আহাদ, মো. জসিম উদ্দিন, সরোজ কুমার নাথ, মো. শহিদুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান, এস এম অজিউর রহমান, মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, মতিউল ইসলাম চৌধুরী, নাজিয়া শিরিন, সুলতানা পারিভীন, আনার কলি মাহবুব, মোহাম্মদ হেলাল হোসেন, সৈয়দা ফারহানা কাইনাইন, সারওয়ার মুর্শেদ চৌধুরী, মাহমুদুল কবীর মুরাদ, আলী আকবর, এস এম আব্দুল কাদের, এস এম ফেরদৌস ও গোপাল চন্দ্র দাশ।
প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো প্রয়োজন বলে সরকার বিবেচনা করায় সরকারি চাকরি আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন।
উল্লেখ্য, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হলে জনস্বার্থে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ক্ষমতা সরকারের রয়েছে।
এর আগে, সম্প্রতি তিন দফায় পুলিশের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাদের অনেকেই আওয়ামী লীগ সরকারের সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।