অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (২৯ জুলাই) সিআইডি সদর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নবনিযুক্ত সিআইডি প্রধানকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
এর আগে, গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে কর্মরত ছিলেন। সেখানের দায়িত্বে থাকাকালেই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।
ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পেশাগত জীবনে তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ছাড়াও সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।
এ ছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহান পুলিশ (সিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন রেঞ্জে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।