সান্তোসের ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে নেইমারের ঝামেলার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান এই তারকা। শাপাকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর গ্যাব্রিয়েল বোন্তেম্পো ও জোয়াও আনানিয়াসকে অপমান করার খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
মঙ্গলবার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়ে কোপা সুদামেরিকানার শেষ ১৬ নিশ্চিত করে সান্তোস। ম্যাচ শেষে নেইমার বলেন, কিছু মানুষ ভুল তথ্য ছড়িয়ে ক্লাবের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
নেইমার বলেন, ‘কিছু হয়নি, হলে আমি নিজেই বলতাম। বোন্তেম্পো আমার ছেলের মতো, ম্যাচের পরও সে আমার সাথে ছিল। কিছু মানুষ ল্যাপটপ আর মাইক্রোফোন হাতে পেয়ে ভুল তথ্য ছড়াচ্ছে।’
তবে শাপাকোয়েন্সের বিপক্ষে ড্র নিয়ে নিজের হতাশার কথা স্বীকার করেছেন সান্তোস অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা তাদের সম্মান করি, কিন্তু ওদের সঙ্গে এভাবে পয়েন্ট হারানো উচিত হয়নি। দলের অধিনায়ক হিসেবে এভাবে কথা বলার পূর্ণ অধিকার আমার আছে।’
এদিকে ব্রাজিল জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়েও নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন নেইমার। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘জাতীয় দলে আমার সময় শেষ। আমি ইতিহাস তৈরি করেছি, হলুদ জার্সির জন্য নিজের জীবন ও রক্ত দিয়েছি, সব সময় লড়াই করেছি। কিন্তু এখন আর সেই অধ্যায় ফেরত আনতে চাই না।’
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পরই জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেন নেইমার।