মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গরে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো তিন দিনের সরকারি সফরে ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও কর্মসূচি রয়েছে তার। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, সার্জিও গরের ঢাকা সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিক নিয়ে আলোচনা করা। সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
সূত্রগুলো জানায়, গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এ প্রেক্ষাপটে ওয়াশিংটন ঢাকার কূটনৈতিক অবস্থান ও অগ্রাধিকার সম্পর্কে বিস্তারিত জানতে চায়।
সংশ্লিষ্টদের ধারণা, সফরকালে বাংলাদেশ-ভারত সম্পর্কও আলোচনায় গুরুত্ব পেতে পারে। বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে ঢাকার সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র আগ্রহ দেখাতে পারে। একই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা, রাশিয়া ও তুরস্কের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক মহলের ধারণা, আঞ্চলিক বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিও বাংলাদেশকে অবহিত করতে পারেন সার্জিও গর।
এর আগে চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন। ফলে কয়েক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একাধিক প্রতিনিধির ঢাকা সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সার্জিও গোরও উপস্থিত ছিলেন। সেখানে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সার্জিও গর ভারতের মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালনের আগে হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক ছিলেন।