রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবারের (১৩ আগস্ট) মধ্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই দলের পক্ষ থেকে প্রার্থীর নাম জানানো হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি সচিবের বৈঠকের পর তিনি এ কথা জানান।
চিফ হুইপ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে নির্বাচনে সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, ভোট আয়োজনে বিশেষ অধিবেশন নয়, বৈঠক ডাকবে নির্বাচন কমিশন।
নুরুল ইসলাম মণি বলেন, সাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সনদ বাস্তবায়ন হলে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার স্বাধীনতা থাকবে।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আর সেই শূন্যতায় স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংসদ সদস্যের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
এ ভোটে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।