দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে এবং সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ সাশ্রয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখতে হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের শপিংমল, মার্কেট ও দোকান এখন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আজ ১২ আগস্ট থেকে এ সময়সূচি কার্যকর করা হয়েছে।
এর আগে গত ১১ জুন থেকে শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল।
নতুন নির্দেশনার আওতায় শুধু দোকানপাট বা বিপণিবিতান নয়, দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক আয়োজনও থাকবে। এসব অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখতে বলা হয়েছে।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান এ সময়সীমার বাইরে থাকবে।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।