অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ একসঙ্গে পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (১৪ আগস্ট) শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে তার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪ জেলার অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা একযোগে অবসর ও কল্যাণের অর্থ পেতে যাচ্ছেন। এ জন্য এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়া পরিশোধে সরকার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলায় একযোগে ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্ব স্ব ব্যাংক হিসাবে পাঠানো হবে।
সরকারের এ উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থের অপেক্ষায় থাকা বেসরকারি শিক্ষকরা তাদের প্রাপ্য অর্থ পাওয়ার সুযোগ পাবেন।