স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন হবে।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হবে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, ‘চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি নির্বাচন করার জন্য টাকা রাখা হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য এই অর্থ রাখা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে হিসাব করেছি, এই পাঁচ স্তরের নির্বাচন করতে আমাদের প্রায় ছয় হাজার কোটি টাকার কম-বেশি প্রয়োজন হবে।’
মীর শাহে আলম বলেন, ‘আর্থিক বিষয়টিও জড়িত রয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগসহ আমরা বসে সময়টি নির্ধারণ করব।’
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কথা বলেছিলেন তথ্য উপদেষ্টা, এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এই উত্তরটা তথ্য উপদেষ্টা দিতে পারবেন। কারণ আমি তো এটার উত্তর দেব না। কারণ উনি আগস্টে বলেছেন, এটা উনাকেই বলতে হবে যে আপনি কেন আগস্টে বলেছেন।’
তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে তার কাছে থাকা তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘আমার কাছে যেটুকু তথ্য আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে আমি এই তথ্যটি দিলাম।’