বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নীতি গবেষণা কেন্দ্র আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট। বাংলাদেশ সরকার এটাকে দেখছে মানবিক দৃষ্টিকোণ থেকে। রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছে। তাদের পাশে দাঁড়িয়েছে সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে।’
রোহিঙ্গা ইস্যুটাকে দল-মত নির্বিশেষে ন্যাশনাল ইউনিটির জায়গায় নেওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষাই সবচেয়ে বড় ইস্যু। সেটা রক্ষা করতে সিকিউরিটি পারসপেক্টিভটাকে হয়ত আমরা গুরুত্ব দিয়েছি। কিন্তু আমরা ডিপ্লোমেটিক ও সোশ্যাল কনটেক্সটটাকে কখনোই বাইপাস করছি না। পাশাপাশি আমরা মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। যাতে করে রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কোনোভাবেই না আসে। আর ওখানকার ক্রমবর্ধমান যে অপরাধের প্রবণতা, সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হচ্ছে।’
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা বলতে চাই রোহিঙ্গারা বাংলাদেশি না। রোহিঙ্গারা এই ভূখণ্ডের জনগোষ্ঠী না। আমরা বলতে চাই রোহিঙ্গারা মানুষ। রোহিঙ্গাদের মানবাধিকার আছে। রোহিঙ্গারা সংস্কৃতিগতভাবে ও নৃতাত্বিকভাবে ওই ভূখণ্ডের অধিবাসী এবং সেখানে আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রটেকশন পাওয়ার অধিকার রাখে।’
নীতি গবেষণা কেন্দ্রের ট্রাস্টি সদস্য প্রফেসর এস কে তৌফিক এম. হকের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান।