তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া, বিরোধী দলের খবর প্রচারেরও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান।
তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় তার ও প্রতিমন্ত্রীর প্রথম অনুরোধ ছিল তাদের ছবি যেন যতটা সম্ভব কম দেখানো হয়। তবে দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার কারণে এটি পরিবর্তন করা কঠিন হয়ে পড়ছে। রীতিটাই এমনভাবে হয়ে আসছে।
তিনি বলেন, ‘ইনশাল্লাহ, আমরা একটা প্রসেসের মধ্যে আছি। আমার বিশ্বাস, আপনারা সঙ্গে থাকলে, দেশের মানুষ সঙ্গে থাকলে আমরা ঠিকমতো এগিয়ে যেতে পারব।’
এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সরকারি টেলিভিশনে বিরোধী দলের খবর প্রচারের বিষয়েও নতুন নির্দেশনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিটিভি, সংসদ টিভিসহ সরকারি টেলিভিশনগুলোতে শুধু সরকারি দলের সংসদ সদস্য ও মন্ত্রীদের খবর প্রচার করা হবে না। আনুপাতিক হারে সংসদের বিরোধী দলের সদস্য ও সংসদের বাইরে থাকা বিরোধী দলগুলোর খবরও প্রচার করতে হবে।’
তিনি বলেন, ‘অন্তত উনাদের কথা, যেগুলো বলছেন সরকারের বিরুদ্ধে হোক, পক্ষে হোক, জনগণের পক্ষে যে কথাগুলো, সেগুলো তুলে ধরতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তটি কার্যকর করতে মঙ্গলবার থেকেই সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’