রাজধানী ঢাকাসহ দেশজুড়ে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের কারণে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে।
শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে আরও বলা হয়, দুর্ঘটনা পরবর্তী সময়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
পিডিবির মুখপাত্র শামীম হাসান গণমাধ্যমকে বলেন, বাঁশখালির একটা ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। ভূমিকম্পের পরে আরেকটি ইউনিটও বন্ধ হয়ে গেছে। এছাড়া বিবিয়ানায় ইউনাইটেডের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদন লেখা এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ভবন হেলা পড়াসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।