রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় তুলসী দাস (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তুলসী দাসের ছেলে শুভ দাস জানান, আমার বাবা মঙ্গলবার (৯ডিসেম্বর) বিকেলের দিকে সূত্রাপুর উইসডোম স্কুলের পাশে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে, পরে আমরা খবর পেয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দিবাগত রাতে আমার বাবার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আমাদের বাসা সূত্রাপুর জাস্টিস চার্চ এলাকার ৩৯ নম্বর বাসা। আমরা দুই ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।