হাদির জানাজা
জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আজ (শনিবার) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই আসতে শুরু করেন মানুষ। সেই সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’; ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এদিকে, হাদির নামাজে জানাজা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১০০০ বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে সেনাবাহিনীও টহল দিচ্ছে। বিপুল সংখ্যক র্যাব, আনসার মোতায়েন করা হয়েছে।
হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য জানিয়ে তিনি বলেন, শহিদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।