ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক জনসমাগমের কারণে সরকারি-বেসরকারি সব হাসপাতালকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, বৃহস্পতিবার ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় গুরুত্বপূর্ণ এলাকায় সিভিল সার্জন ঢাকা ও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগ প্রয়োজনীয় মেডিকেল টিম মোতায়েন করবেন।
বিজ্ঞপ্তিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সব হাসপাতাল প্রধানকে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাসপাতালগুলোকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি, সাজানো হয়েছে মঞ্চ। এরই মধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।