নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সোমবার (১২ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা।’
তিনি আরও বলেন, ‘আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জনগণের কাছে যাচ্ছি। এ দেশে যা কিছু ভালো সব কিছুই বিএনপির অর্জন। সংস্কার, একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে। এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে তা সবই বিএনপি কমিশনের মধ্যে রয়েছে। আমরা মনে করি বিএনপি নিঃসন্দেহে অত্যন্ত গঠনমূলক একটি রাজনৈতিক দল।’
এ ছাড়া ভারত ও বিশ্বকাপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি জড়িত আছে। দেশের সম্মান জড়িত আছে। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। ছোট ছোট বিষয় নিয়ে আমাদের একমত হওয়া উচিত। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে মিউচুয়াল সম্পর্কের মাধ্যমে এসব সমাধান করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ফ্যাসিস্টকে তাড়াতেও জানি, মারতেও জানি, আবার মার খেতেও জানি।’
এ সময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভালোভাবে পড়া প্রয়োজন। তার ভাষায়, এই ৩১ দফার বাইরে আর কোনো সনদ নেই।’