আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে ব্যাংক। বাংলাদেশ ব্যাংক রোববার (১ ফেব্রুয়ারি) দুই দিন ছুটি ঘোষণা করেছে। সেই সঙ্গে যোগ হবে আরও দুই দিনের সাপ্তাহিক ছুটি।
এদিন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারাদেশে সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এ ঘোষণার কারণে দেশজুড়ে ব্যাংকগুলো মূলত টানা চার দিন ছুটিতে থাকবে। কারণ এর পর পরের দুই দিন, অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ২৫ জানুয়ারির এক প্রজ্ঞাপনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেছে। ওই দুই দিনে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এসংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।