ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিবারের মতো এবারও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেন সীমিত রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এক্ষেত্রে প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা। এক দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে। এই নিয়ম রোববার রাত থেকেই কার্যকর হবে ও আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই ব্যবস্থা নির্বাচনকালীন সময়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে এই সীমা অনুযায়ী লেনদেন পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
এই নিয়মের ফলে গ্রাহকেরা আগামী কয়েকদিন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। ফলে এই সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন সাময়িকভাবে সীমিত থাকবে।
এর বাইরে, অভ্যন্তরীণ আরেক নির্দেশনায় ব্যাংকগুলোকে বলা হয়েছে, তারা যেন গ্রাহকপ্রতি দৈনিক এক লাখ টাকার বেশি নগদ লেনদেন না করেন। নির্বাচনের সময় আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।