নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার কিছু সময় আগে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান।
প্রথমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেখানকার পরিদর্শন বইয়ে সইয়ের পাশাপাশি বৃক্ষরোপণ করেন নতুন প্রধানমন্ত্রী।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।
এদিকে দেশ পরিচালনার প্রথম দিন বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন।
প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।