জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘যে দল অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রশাসক নিয়োগের বিরোধিতা করেছিল, তারাই এখন একই কাজ করছে। এটি সংবিধানের চেতনার পরিপন্থী, কারণ স্থানীয় সরকার পরিচালিত হওয়ার কথা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। অথচ এখন দলীয় প্রশাসক দিয়ে এসব প্রতিষ্ঠান চালাচ্ছে সরকার।’
রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই দীর্ঘদিন ধরে স্থানীয় সরকারে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই। কিন্তু নতুন সরকার ক্ষমতায় এসে পরিস্থিতির উন্নতি না করে উল্টো বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান—বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুদক পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। একইভাবে স্থানীয় সরকার ব্যবস্থাকেও দলীয়করণ করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।’
এনসিপির আহ্বায়ক বলেন, বিরোধীদল সংসদে কার্যকরভাবে কথা বলার সুযোগ পাচ্ছে না। ‘আপনারাই (গণমাধ্যম) আমাদের শেষ ভরসা’ বলে তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, দ্রুত এই অবস্থা থেকে উত্তরণে আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে সব পর্যায়ে নির্বাচন দেওয়া সম্ভব এবং তা দেওয়া উচিত। পাশাপাশি যারা বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন, তারা যেন সংশ্লিষ্ট সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে না পারেন—এমন বিধান থাকার কথাও উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি নেতা। তার ভাষ্য, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ ও ফলাফল ঘোষণায় বিলম্ব জনগণের মধ্যে অনাস্থা সৃষ্টি করেছে। ফলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
এ সময় এনসিপির পক্ষ থেকে পাঁচটি সিটি করপোরেশনে প্রাথমিকভাবে মনোনীত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিলেট সিটি করপোরেশনে সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল, রাজশাহী সিটি করপোরেশনে রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এনসিপি সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নাহিদ ইসলাম বলেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করার বিষয়টিও বিবেচনায় রয়েছে, যাতে প্রশাসনিক প্রভাব ও পক্ষপাত কমে এবং তুলনামূলকভাবে সমতল প্রতিযোগিতার পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি হয়।