সংবিধান সংশোধনের লক্ষ্যে সরকারের ‘সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি’ গঠনের প্রস্তাবের প্রতিবাদে আগামী শনিবার (৪ এপ্রিল) বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে ১১-দলীয় ঐক্য। রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালন করা হবে।
গুলশানে বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে ১১-দলীয় ঐক্যের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এসময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, সরকার গণভোটের গণরায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিচ্ছে, যা জনগণের মতামতের প্রতি অবজ্ঞা এবং জুলাইয়ের রক্তাক্ত অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। সংবিধান সংশোধন সংসদের এখতিয়ার হলেও এর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না। এর মৌলিক পরিবর্তনের জন্য জনগণের সরাসরি মতামত গ্রহণের জন্য গণভোট আয়োজন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন প্রয়োজন।
হামিদুর রহমান আযাদ বলেন, অতীতে সংবিধানের বিভিন্ন সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী শাসনের পথ তৈরি করা হয়েছিল। বর্তমান সরকারও একই পথে এগোচ্ছে।