অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (এফইএবি) উদ্যোগে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এফইএবি-এর সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে ও এফইএবি ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের পরিচালনায় বিশিষ্ট প্রকৌশলীদের অংশগ্রহণে মতবিনিময় সভায় সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, ‘আগামী দিনে প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের অবকাঠামোগত উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে।’
এ সময় প্রকৌশলীরা জাতির কারিগর বলেও মন্তব্য করেন তিনি। তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তি শিক্ষার প্রসার এবং উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করার ওপরও গুরুত্বারোপ করেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৌশলীদের আরও কার্যকর ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘জাতীয় সমৃদ্ধি অর্জনে প্রকৌশলীদের কারিগরি দক্ষতার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলীতে বলীয়ান হতে হবে। আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে প্রকৌশলী সমাজের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।’